কবিতা | ০৭/০৪/২০০৬ ইং
মিলন মেলা
আজি তিন যুগ পথ পাড়ি দিয়ে,
কর্মময় জীবনে নিয়তির বোঝা বয়ে।
মিলিত হয়েছি এই মিলন মেলায়,
জীবনের এই অন্তিম পড়ন্ত বেলায়।
অতীত স্মৃতির অনেক প্রীতি কথা,
বাল্যবন্ধুর মুখ— গন্ধে সুখময় ব্যথা।
নিভৃতে নীরবে অন্তরে জাগায় দোলা,
হৃদয় স্পর্শ করে এই মিলন মেলা।
সহপাঠী বন্ধু হৃদয়ের অমোঘ টান,
যেন বাঁধভাঙা জোয়ারের বান।
কুমার নদীটি তরঙ্গে ভরা ছিল সেদিন,
উদীয়মান তারুণ্য দোলা দিত যেদিন।
সেদিনের তারুণ্যের দুরন্ত অরণ্যে,
ফিরে কি যেতে পারি বন্ধুর সৌজন্যে?
সেই রঙিন চোখের স্বপ্নে দেখা,
বন্ধুর ছবি অন্তরে রয়েছে আঁকা।
— কাজী আব্দুস সালাম