কবিতা | ০৩/০৫/২০০৬ ইং
নিতান্ত
বিবর্তনের এই কালে সত্য বলা যায় না অবারিত,
চতুর্দিকে বাড়ছে শুধু জঞ্জালের ঘন আবরণ আবৃত।
লোহার চেয়েও কি শক্ত পাকানো কাঁচা সুতো?
সমাজে বাড়ছে অনিত্য, অমূলক ঝরছে রক্ত অবিরত।
তথ্য-প্রযুক্তির বদৌলতে বাতেন (অপ্রকাশিত) হচ্ছে জাহির,
মুখ ফুটে না বলা বুকফাটা কান্না থেকে অনেকে পাচ্ছে রেহাই।
মানুষ আর জানোয়ারের পার্থক্য আজ ঘুচে যাচ্ছে নিত্য,
মহাকালের সূর্য-রশ্মি অনেকটা তাই বলে দিচ্ছে সত্য।
কৃষ্ণচূড়ার পাপড়িগুলো কুঁকড়ে ঝরে যায় ধুলোয়,
কঠিন তাপে দগ্ধ হয়েও সে যে নিজের বাহার লুকোয়।
আম্রকুঞ্জের কিশোরী ফলের দাপট আজ যত্রতত্র,
বৃষ্টির আগমনী বার্তা যেন কালবৈশাখীর আমন্ত্রণ-পত্র।
— কাজী আব্দুস সালাম