কবিতা | ২৬/০৯/২০০৪ ইং

শরৎ-আকাশ

শরৎ-আকাশে সাদা মেঘপুঞ্জ,
নদীর তীরে শুভ্র কাশফুল-কুঞ্জ
মিলেমিশে ঢেউ আর প্রবল স্রোত,
দোলা খেয়ে তীর ভাঙে অবিরত।
নিয়তির লীলাখেলা বাধাহীন এই মেলা,
বুক ভাঙে তীরবর্তী কৃষাণীর অবেলা
ঘরহারা মানুষের বুকভরা দুরাশা,
জীবন সাধনায় নেমে আসে কুয়াশা।
ঐ ক্ষুধার্ত মুখগুলো ম্লান আর অম্লান,
যেন গিলে খায় রাজনৈতিক স্লোগান
দারিদ্র্যের নামে চলে অর্থ-ত্রাণ সংগ্রহ,
প্রদান এক গুণ, চার গুণ আত্মসাৎ ও অগ্রহ।
শারদীয় প্রেম আর অলীক ভালোবাসা,
এ যেন তীর ভাঙা এক অশেষ তামাশা।
— কাজী আব্দুস সালাম