কবিতা | ২১/০৯/২০০৪ ইং
শরৎ রাত
এই শরৎ রাত,
মেঘভাঙা চাঁদ;
ঐ সুদূর আকাশ।
ধূপছায়া জোছনা বিধুরে,
গন্ধরাজ ফোটে অন্তরে—
নিয়ে প্রাণদোলানো সুবাস।
রাতজাগা পাখি হয়ে,
দর্শন ব্রত নিয়ে—
দেখি তোমায় সাকি।
নির্বাক প্রাণ খুলে,
নির্ঘুম আঁখি মেলে—
ইশারায় তোমায় ডাকি।
নিশীথ নিরালা ক্ষণে,
ভাবে বিভোর মনে—
ঊর্ধ্ব গগনে দৃষ্টি।
আবেগ আর অনুরাগে,
মনের গহিনে জাগে—
মহানের সীমাহীন সৃষ্টি।
— কাজী আব্দুস সালাম