৬. কবিতা | ০৭/০৯/১৯৭৫ ইং
পরিভ্রমণ
পরিভ্রমণ হলো তবে,
অরুচিতে অভিমানে—
ভাবি অবচেতন মনে এই বুঝি শেষ।
কোথায় যাই কার সাথে,
কী যে সংকোচ মনে মনে—
মিটিবে না এ সংকোচ ঘুরলেও দেশ।
যে তারা রাতে জাগে,
কল্পনায় সাথে থাকে—
দিবালয়ে বাস্তবে পাশে ভাবি যারে।
ঘুরলাম তব লয়ে সাথে,
আপনার পাশে রেখে—
যেন হৃদয়ের রন্ধ্র তন্ত্রীতে গেঁথে তারে।
বসে দুজনা পাশাপাশি,
নয়নে নয়নে চোখাচোখি—
মন-দেহে আলিঙ্গন হলো তব সমাপন।
এ হৃদয়ের কৃষ্ণ ঘরে,
এক ছটা আলো এসে—
ধরে পুলকিত করে পুনরায় যায় তা নিভে।
বাকশক্তি রুদ্ধ হয়ে আসে,
কষে ধরে গলা টিপে—
নেই কোনো কথা শুধু চেয়ে থাকা এবে।
তবু তুমি চলে গেলে,
ফেলে হেথায় এ ভালে—
আর কি ডাকিবে না বারেক মধু-স্বরে?
কেমনে থাকিব বঁধু শুধু,
নির্জন আবেশে একা বসে—
গুনব বিরহ দিন হুতাশন রবে এ ঘরে।
চপল চরণে গেলে চলে,
চেয়ে পশ্চাৎদর্শী তব পানে—
নিদারুণ কাঁপে পদতলে মম বিশ্বভূমি।
তব ক্লান্ত শ্রান্ত ক্ষুণ্ন মনে,
বেদনা প্রহত হৃদি লয়ে—
একাকী নির্জনে বসি প্রভু নাম নমি।
— কাজী আব্দুস সালাম