২. কবিতা | ৩০/০৮/১৯৭৫ ইং
সাক্ষাতে প্রিয়া
সাক্ষাতে প্রিয়া দেখি যবে,
তোমার নয়নতারা মুখ।
পুষ্প-ঘ্রাণ-মদিরা মেখে,
ভরে গেছে ক্ষত বুক।
বাক্য-ডঙ্কা বাজিয়ে তোমার,
আমায় কর আপন হারা।
হৃদি-শ্রুতি-দ্বারে গড়িয়ে পড়ে,
মধুময় ভেজা হাসি মুক্তাধারা।
কথাকালে অস্থির চরণে বলতে,
কী বলিবে বলো তাড়াতাড়ি।
শান্ত ধীরে কহিতাম আমি,
এত শীঘ্রই চলে যাবে বাড়ি?
বাঁকা হেসে চিবুক নেড়ে,
কর-দুলিয়ে বলতে আমায়।
শীঘ্র বলো সময় চলে যায়,
শিশু কোলে পড়েছে ঘুমায়।
তেড়া-স্বরে বলিতাম, হেথায়,
ক্ষণিক বসো চুপটি করে।
শান্ত ধীরে শোনো একটি কথা,
সদা বহিছে যা, এই হৃদির ক্ষুদ্র ঘরে।
বিরাগ হেসে বসতে পাশে,
কেমন যেন ভালো না বেসে।
বলতে তুমি, একটা একটা বাক্য ছাড়ো,
সময় কত লাগে শেষে।
হৃদয়ে ক্ষুদ্র শিহরণ উঠত জেগে,
স্মরণের পুরনো কথা ধুঁকে ধুঁকে।
হঠাৎ হাসির মশাল নিভিয়ে দিয়ে,
গাম্ভীর্যতা বজায় রেখে।
রণ-জয়ীর ভূষণ ধরে,
কল্পনায় কী যেন যেতাম এঁকে।
যবে তুমি যখন চলে গেলে,
শত নতুন কথা উঠত জেগে।
বাউল বেশে তথা ছেড়ে এলেম চলে,
এক টুকরো শুষ্ক হাসি মেখে।
— কাজী আব্দুস সালাম