২০. কবিতা | ০২/১০/১৯৭৫ ইং
কার বিদায়
কার বিদায়ে কে কাঁদে হায়,
কার দুঃখে কে ব্যথা পায়;
প্রেমিক ছাড়া বোঝে না ধরায়;
এথায় এই প্রেমের খেলায়,
বোঝে না এক প্রেমিক ছাড়া।
দুনিয়ায় মানুষের মেলায়,
কত মানুষ দেউল প্রায়;
পথে পথে ঘুরে বেড়ায়,
বন-জঙ্গল আর লোকালয়;
তারা গৃহহারা ছন্নছাড়া।
কেউবা সদ্য পেয়েছে দিশা,
নব্য প্রেম-মানিক ভালোবাসা;
না মিটিতেই সাধনা অধীরে,
যাবে যে ছেড়ে আপন হেরে;
বিদায় তারা গুণে হবে সারা।
প্রেমের তীরে হৃদয় নীড়ে,
উঠবে জেগে ধীরে ধীরে;
তব বিদায় বিরহের আঘাত,
যত দিয়ে ক্ষত-বিক্ষত;
করে দিবে আপন হারা।
বুঝবে সেদিন প্রেমিক হয়ে,
প্রহত হৃদয়ে কী যায় বয়ে;
কত বেদনা স্রোত কেমনে,
বুঝবে অনুক্ষণ আপন মনে;
হয়ে প্রেমে পাগল পারা।
বুঝলে না তোমরা ভবে,
বুঝবে সেদিন ক্ষুব্ধ রবে;
আপনার শুভ্র হৃদয় মাঝে,
হয়ে সর্বহারা উন্মাদ সাজে;
উঠলে জেগে প্রেম তারা।
যেদিন কাঁদবে বিরহ ব্যথায়,
অন্যের বিদায় বুঝবে হৃদয়;
কেন প্রেমিক কাঁদে ভবে,
মহা মিলনের আশায় তবে;
হয়ে পাগল দিশেহারা।
— কে. এ. সালাম