১৫. কবিতা | ২৮/০৯/১৯৭৫ ইং
আমি ফুল
আমি ফুল আমি ভেলা,
খেলি মোর আপন খেলা,
ভ্রমরকে ভুলাই।
যেথায় আমি প্রস্ফুটিত হই,
সুরভি-গন্ধে ভরে দেই,
আপন তলায়।
ধরণীর কোলে আমি,
যেটুকু জুড়ে নমি,
মোর বিধাতারে।
যে মশাল জ্বালি ঘরে,
আপন হৃদি-মন ভরে,
ডাকি মৌনী সুরে।
যদি কেহ নেয় ছিঁড়ে,
পায় না মোর মণি হিরে,
শুধুই বিরহে মরে।
যদি কেহ বিশুদ্ধ ধ্যানে,
মোর তরে তারে টানে,
রাখি চির-তরে।
যে অলি মধু নিয়ে যায়,
পিছু তবু ফিরে নাহি চায়,
সে খেতে নাহি পায়।
আমার এই অভিশাপ,
কখনো সে পায় না মাপ,
এই মাটির ধরায়।
যে আসে মোর দ্বারে,
ইচ্ছা দেই না তারে,
মম গোপন ধারা।
যে দূরে ধ্যানে,
তারে কাছে টেনে,
করি পাগল পারা।
— কে. এ. সালাম