১৩. কবিতা | ১৩/০৯/১৯৭৫ ইং (৬ই রমজান)
কোথা আজি
কোথা আজি সেই এক পলক,
দেখিবার হুড়োহুড়ি;
কোথা সেই প্রেয়সীর ব্যাকুলতা ভরা,
হাত নাড়া আর চোখ ইশারা।
কোথা গেল সেই গন্ধভরা,
গোপন মিলনের দিবা-রাত্রি;
যে থাকিত আগমনের পথ-চাহি,
অব্যক্ত স্বাগতমের মাতি।
যবে যেতাম তাঁর সাক্ষাৎ স্থলে,
বসাত আদর ভরে পার্শ্ব-আসনে;
তৎপরে বাক-বিষ ছাড়িবার আগে,
তাকাত অনিমেষ বিমুগ্ধ দু-লোচনে।
সেবার অধিকক্ষণ তাকাতে তাকাতে,
দুজনে দোঁহার পানে;
কেটে যায় একাধিক প্রহর নিশি,
চেতনা ফিরল, যবে ডাকল প্রভুর নাম।
এতক্ষণে বিষ-বাক্য বিদ্ধ হয়েছে প্রিয়ার,
মুখের হাসি ভিজছে চোখের জলে;
যবে দুই হাত বাড়িয়ে অবিকল প্রেম-মানে,
সে ভেজা হাসি জড়াতাম রুমালে
তৎপর আশীর্বাদ টানি কিছুক্ষণ ধ্যানী,
কহিলাম উষ্ণ কর চেপে— এবার আসি;
বিদায় চাহিতে উঠলে লহরী পূর্ণ-বাহু-বাঁধি,
শুধায়— তব পথ চাহি অপেক্ষায় থাকিবে এ দাসী।
সেই দিবা-নিশি-ক্ষণ হতে পুনরায়,
মিলিনি আর তাঁহার সনে;
আজি শুনে হৃদয়ে বড় ব্যথা লাগে,
সে আজি আর আমায় নাহি ধ্যানে
এই কি এ ধরায় নারী মন,
যে হতে চেয়েছিল আপন জন;
কিঞ্চিৎ বিরহ ব্যথায় যায় ভুলে,
হৃদয়-তটে মারিয়া বাণ।
হায়রে নারী আলো-আঁধারি,
আঁধার হতে আসিলে আলোয়;
আবার চলে গেলে আঁধারে,
মন ভুলায়ে দেখালি শুধু অভিনয়
— কে. এ. সালাম