১৯. কবিতা | ১৮/০৯/১৯৭৬ ইং (২৩শে রমজান)
সাধনার ফুল
কী সুন্দর ফুল ফুটেছে আজ,
আমার বৃক্ষ শাখে।
সে যে ইশারায় হায় কানন মজালো,
আমার প্রভুরে ডাকিয়া।
সে ফুল সদ্য ফুটিয়া পাঁপড়ি মেলিয়া,
মৌনীসুরে গাহিয়া উঠিল ফুল "রাব্বু-ইয়া"
সে সুর শুনিয়া কানন উঠিয়াছে রণিয়া,
শত তাপিত ফুটিত ফুলের মুক্তি চাহিয়া।
আমার এতদিনকার আঁধার কাননে -
নব আলোর উদয় হলো আঁধার বিদায় দানিয়া।
কানন জলসায় আলোক ঝলসায়,
উঠিল হাসিয়া ফুল সভা ভালোবাসিয়া।
সাধনার ফুল হৃদয় করেছে আকুল,
আমার দর্শনে ঝরাচ্ছে নয়নে মঞ্জুল।
আমার সব ফুলের আসবে বৃক্ষ মাগিয়া,
কাননের শোভা যেন তুলেছে বাড়াইয়া।
রজনীগন্ধা জুঁই চামেলী বকুল বেলী শেফালী,
গোলাপ টগর মহুয়া কামিনী আর ডালিয়া।
'হাসনাহেনা' হাসিয়া নিশীথে কহিল ডাকিয়া,
সালাম জানাই তারে সৌরভে সকলে মিলিয়া।।
— কে এ সালাম