ডেকনা আমায়

কে. এ. সালাম • ১২ ডিসেম্বর ১৯৭৫
ডেকনা আমায় তুমি কপট কায়ায়,
ছলনার কাজল পরা আঁখি মায়ায়।
কতদিন কত কালের মালা পরে,
ডেকেছিলে তুমি মোরে কুহকভীরে।
সাড়া তব দেইনি সেই ডাকের মোহে,
বিরহিত ছিলাম বসে মোর রুদ্ধগৃহে।
তোমার মুখর সুরের সেই শাঙ্খসারি,
হৃদয় বীণে বাজায় ব্যথার রাগলহরি।
টেনে নেয় মোরে বিরহের নিঝুম নীড়ে,
ডুবায়ে দেয় সুরের সেই অতল সাগরে।
আহারে ও বেভোলা মৌনী ফোটা ফুল,
সুরের তালে অলি লয়ে হয়েছ মাতাল।
তুমি বুঝোনা নিজের মূল্য এই জগতে,
ঝরে পড় অকালে তাই বিরহ আঘাতে।
ফুল হয়ে ফুটে তুমি এই বনভূমে,
ভুল করে বিদায় হও মহাকাশ চুমে।
কেন তুমি ডাক মোরে এই স্বল্পক্ষণে,
সাতিশয় পুলক জাগাও এ চঞ্চল মনে।