কানন-বর

কে. এ. সালাম • ১২ ফেব্রুয়ারি ১৯৭৬
পুষ্পে সুগন্ধিত কানন-বর—
কেন ডাক মোরে বিষাদঘাতে,
ভালবাসায় এই ফাল্গুন রাতে?
হৃদয় তপোবনে এই তমাল,
সহস্র মঞ্জুল ফুটেছে বিমল।
নব দিনের বন্দনা গেয়ে—
কেন ফুটিলে মন-বনে,
বীণা বাজালে ভোমর সনে?
এই তৃষিত মৌন মন,
শাখে শাখে দোলে অনুক্ষণ।
তবু ঝরে না মধুধারা—
কেন খুলিলে না পাপড়ি-মোড়,
বাহারে যথা করিবে বিহার?
মাধবী মনের উন্মুখ আশা,
নিরুপম তরে আজি নিঃশ্বাস।
সহিতে দিলেনা কণ্টার খোঁচা—
কেন তবে ডাকিলে সহসা,
শেষে দিলে না পাওয়ার দিশা?
মাতালতায় মিলিল না সাধ,
ভাঙিল না এই দেবলী বাঁধ।
ভাসালেম এই বিরহ-ডিঙা—
অশ্রান্ত নিঝর অশ্রু নীরে,
কালের ফুল তোমায় ঘিরে।
এবার হয়তো মিলিবে বরষা,
আর অনন্ত হবে তব ভালবাসা।