পুষ্পবনে

কে. এ. সালাম • ৩০ ডিসেম্বর ১৯৭৫
আবার ফুটবে ফুল
হাস্নাহেনার ডালে ডালে,
অলিরা আসবে সৌরভে
উড়ে বসবে ডানা মেলে।
নিশির স্বপ্ন কোলে
ফোটা ফুল হাসবে,
অলিকে আপন ভেবে
ভালো তারে বাসবে।
নিশির বাসরে এসে
পরাগদল নেবে কেটে,
তবু পর বিদায়ের শেষে
ফোটা ফুল পড়বে ঝরে।
ক্ষণিক ভালোবেসে মধুপিয়ে
উড়ে যায় বনের অলি,
ফুলের পাপড়ি তটে
মেখে যায় বিচ্ছেদকালি।
এইতো এলো অলি,
গান গেয়ে গেল চলে,
ফোটা ফুল রইল চেয়ে
প্রত্যাবর্তনপথে নয়ন মেলে।
নিয়তির নীতিডোরে
বাঁধা পড়ে ফুলের ধ্যান,
আসা-যাওয়া কর্ম করে
ধরার পুষ্পবনে প্রাণ।