ইতিহাসের মহাকাব্য | ১৫/০৪/২০০৬ ইং

বাংলাদেশ: একটি কবিতার নাম

১৯৪৭ থেকে ১৯৫২—একটি কবিতা,
রাষ্ট্রভাষার দাবিতে সোচ্চার ছাত্র-জনতা।
গুলির শব্দে রক্তরাঙা আকাশ-ভূমি ভারী,
ভাষা শহীদের অমর কবিতা—“একুশে ফেব্রুয়ারি”
১৯৫২ থেকে ১৯৬৯—বাঙালির জাগরণ,
দাবি আদায়ের সংগ্রামে “ছয় দফা”-র জয়গান।
স্বাধিকার আন্দোলনে নতুন প্রত্যয়,
১৯৭০-এর অবাধ সাধারণ নির্বাচনময়।
নির্বাচনে বিজয়ী বাঙালির ঐক্যতা,
তবু মিলল না তাদের রাষ্ট্রক্ষমতা।
ইয়াহিয়া-ভুট্টোর চক্রান্তের কাহিনি,
টিক্কা বাহিনীর রচিত সেই বিভীষিকাময় দিনগণনা।
বাঙালির অনন্তকালের হৃদয়ের ব্যথা—
৭ মার্চের ঐতিহাসিক কবিতা “স্বাধীনতা”
১৯৭১-এর গর্বিত বিজয়গাথা,
অগণিত স্মৃতি, অসংখ্য বেদনার কথা।
“ঘরে ঘরে খোঁজ: কে হিন্দু, কে মুসলমান—
শুধু মাটি থাকবে, পূর্ব পাকিস্তানের সম্পদ হবে খান।”
২৫ মার্চের সেই নিধনযজ্ঞ—কবিতা “কালরাত”
রক্তে রঞ্জিত হলো নিরস্ত্র নিরপরাধ প্রাণ,
জনপদে জনপদে নামল সংগ্রামের আহ্বান।
রণাঙ্গনে চলল মুক্তির অভিযাত্রা,
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”—একাত্ম স্লোগানের ধ্বনি ধরা।
১৯৭১-এর নয় মাস নয় দিনের সংগম,
একটি কবিতা—“বিজয় দিবস”—সেই তার নাম।
— কাজী আব্দুস সালাম