কবিতা | ২০/০১/২০০৭ ইং
রাজনীতি
সমাজনীতি, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতির দুর্বল অবতরণ,
দুর্বৃত্তায়নে জর্জরিত রাজনীতিকের অনৈতিক প্রতারণ।
সীমাহীন দুর্নীতি সমাজে, নষ্ট জৈবিক উর্বর শক্তি,
অপ্রত্যাশিত প্রকাশনা কণ্ঠ— নেই প্রীতি, ত্যাগ, শ্রদ্ধাভক্তি।
আজি নেই সেই বজ্রকণ্ঠ, জনকল্যাণের রাজনীতি,
অবৈধ অর্থের বৈভবে ভরা, তপ্ত তোষামোদের দলীয় প্রীতি।
ভুয়া গলাবাজির আধিক্য, রঙমঞ্চে সাজা সবাই নেতা,
কর্মী তো ভুখা-নাঙা অনেক, নগদে কেনা জনসভায় শ্রোতা
নির্বোধ নিরীহের রক্ত ঝরে, জীবন প্রবাহে কষ্টের করিডোরে,
আন্দোলনে রাজপথ কাঁপে, এগিয়ে যায় লাল সূর্যের ভোরে।
আর নয় রক্তচোষা, প্রচলিত রাজনীতির পরিবর্তন প্রত্যাশা,
গঠনমূলক একটু দেখা, ৫২-র আন্দোলনে প্রতিষ্ঠা বাংলাভাষা।
লাখ শহীদের বিনিময়ে, ৭১-এ পাওয়া ভূখণ্ড আর পতাকা,
অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা, নির্বাহ হয়নি শুদ্ধ নৈতিক জীবিকা
এবার শুদ্ধতা আসুক— সমাজনীতি, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতির,
ভিত্তি প্রতিষ্ঠিত হোক, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির
— কে. এ. সালাম