৮. কবিতা | ০২/০১/১৯৭৬ ইং
ভাঙ্গা সংগীতে
রঙের ওই জলসা ছেড়ে -
ওগো বন্ধু কেন এলে,
আমার এই গান শুনতে।।
এই গানের যত কথা,
ব্যথা দিয়ে সব গাঁথা।
অভাগার বেসুর নীড়ে,
কেন এলে মিছে ব্যথা জড়াতে।।
মালা ছিঁড়ে বাঁধন ভেঙে,
আমাকে ছেড়ে সাজলে রঙে।
আমি তো তেমনি আছি,
পরিবর্তন করিনি সে আঘাতে।।
এই হৃদয়ে শিহরণ,
পড়েছে বেদনার আবরণ।
তারই তলে তুমি,
কেন এলে ডুবন্ত তরী জাগাতে।।
যে বীণা ভেঙে ছিলে,
কেমনে নয়ন তুলে।
তাকাও সে বীণা পানে,
কেন মোহ আন এ ভাঙ্গা সংগীতে।।
— কে এ সালাম