মোর সে দূরান্ত সাথী ঘুমিয়ে গেছে,
যে থাকিত কাছে পাশে ভালোবেসে।
শান্ত হয়ে গেছে সে চঞ্চল অজান্তে,
বিদায় বেলা চলে গেল যে একান্তে।
অভিমানী গেল তার মান নিয়ে,
মোর সুরের তার সে ছিঁড়ে দিয়ে।
মোরে ফেলে গেল আত্মরোষে,
চলি যে তাই অনুক্ষণ ব্যথা বশে।
হারানো রাত আজ মনে পড়ে,
বলে ছিল প্রিয়ে মোর হাত ধরে।
ওগো হে প্রাণের প্রিয়তম আমার,
অঢেল ত্রুটিসব ক্ষমা কর এবার।
বলে মালার বন্ধন গেল ছিঁড়ে,
আবার গেঁথে নিও নতুন করে।
কামনার মাঝে না এনে আবেশে,
তুমি শুধু মোরে যেও ভালোবেসে।
চাওয়া-পাওয়া কিছু রইল না আর,
বিদায় বেলায় সে কিছু নিল না তার।
মোর সে মালার সুতা ছিঁড়ে গেছে,
ভঙ্গ মেলায় মিলন মম মিছে।
শূন্যঘরে সবই যে তোমার পরে রইল,
আমার মাঝে বিশালতা দিয়ে গেল।
তোমার শত স্মৃতির বোঝা বয়ে বয়ে,
চলেছি কালের এক ভিন্ন তরী বেয়ে।
আমার সাথীরে পুনঃ পাবার আশে,
মহাজীবন নীরে অনন্ত চলবো ভেসে।