হুরীর হুতাশন

কে. এ. সালাম (কাজী আব্দুস সালাম)
তাং: ০৩/১২/১৯৭৫ ইং
হুরীর হুতাশন নিয়ে ওগো ফুল,
কেন তুমি এই ভববনে ফুটলে?
কেন ভুল করে ওগো ফুল,
বনের অলিকে নীরবে ভালোবাসলে।।
আজি তোমারে দলিয়ে অলি,
খুঁজে বেড়ায় গুঞ্জনে নব কলি।
ঘুরে বেড়ায় বনে আপন মনে,
ফুলে ফুলে ভরে দেয় বিষকালি।।
কেন কেঁদে হৃদয়ের বাঁধ ভেঙে,
ঝরিয়ে দিলে কনক পাপড়ি সকল?
কেন মূকময় ব্যথা ধরা মরচে-পড়া,
ইঞ্জিনসম হয়েছ বিমারি বিকল?।
আর তো পাবে না বারেক ফিরে,
অতীতের সেই বাহার-পবন।
এই বনে সেই মনের অলিকে,
ঝরা প্রাণে জাগাবে না শিহরণ।।
আর কতদিন ঘ্রাণহীন দল লয়ে,
ঝুলে রবে নিরস বৃন্তমূলে?
যে পরশ লয়ে অলি উড়ে গেছে,
ফিরবে না আর সে এই ভবকূলে।।
যদি পার, তাহারে ধরিও পরভূমে,
বিরহ ঝেড়ে বাঁধিও চিরবন্ধন।
মনের পুলকে সেই দ্যুলোকে জাগিও,
শরাব-সরোবরে হৃদয়ের মহামিলন।।