প্রকৃতি বিষয়ক কবিতা | ১৪/০২/২০০৬ ইং
রবের পাহাড়
রবের পাহাড় উঁকি মারে আকাশে,
আকাশ যেন ভেঙে পড়ে পাহাড়ে।
বিধাতা কী যে মধু-ফাল্গুনী খেলা খেলছে,
ঐ আকাশ আর পাহাড়ের বিহারে।
হঠাৎ মলয় এসে বাসন্তী সৌরভ বিলায়,
নিয়তির চির বিবর্তন দিল জানায়।
শীতের অন্তিম নিশ্বাসে পাতা ঝরে যায়,
জানান দেয় কুহুকী ফুলেরই মহিমায়।
আজি ধরণীর বুকে বসন্ত এসেছে,
সেই সৌরভের প্রবাহ ভেসে চলেছে।
পলাশ আর শিমুলের ডালে ডালে,
পাখি নাচে মনের সুখে হেলে দুলে।
কোকিল গেয়ে ওঠে সুখ ও আনন্দে,
প্রকৃতি তার খেলা খেলে মহানন্দে।
— কাজী আব্দুস সালাম