দেশাত্মবোধক কবিতা
বিবর্তন
আন্দোলনমুখী রাজনৈতিক আবর্তে
বাঙালির স্বপ্নের স্বাধিকার;
১৯৭১, সেদিনের কালজয়ী প্রাপ্তি—
একটি ভূখণ্ড আর একটি পতাকা
জন হতে জনগণ আর তাঁদের
সকল সমস্যা, প্রয়োজন ও চাহিদা মেটাতে;
বিজয়ের সেই গণ-সৃষ্টি-সুখের
উল্লাসের অবশেষ...
পূর্ব-পাকিস্তান হতে জন্ম নিল যার নাম—
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
এত বছর পার হয়ে আজও দেখি
অতৃপ্তি, অপ্রাপ্তি আর অসহ্য বীভৎস মরণ;
কোটি মানুষের মাঝে রাক্ষুসে আঁখি—
রাজপথ হতে মেঠো পথে আজো ভরাট।
বাংলার জন-মনের অমোঘ প্রত্যাশা—
বন্ধ হোক পৌরাণিক ঘুণে ধরা,
মরিচা পড়া পেশাজীবী রাজনীতি
সমাজনীতি, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি—
এ সবের ভিত্তিতে এবার প্রতিষ্ঠা হোক
সার্বিক উন্নয়নের এক নতুন রাজনীতি।
রাজনীতি হোক মানুষের সংগঠন—
বিভিন্ন পেশায়, কর্মজীবী সকল মানুষের;
শিক্ষা, যোগ্যতা আর অভিজ্ঞতায়,
নব-সৃষ্টি ও কৃষ্টির তরে—
গড়ে উঠুক এক কাঠামোগত রাষ্ট্রীয় ইমারত
সেই কাঠামোর মাঝে থাকবে সবার
কর্ম, শ্রম ও মেধার প্রতিযোগিতা;
আর ধাপে ধাপে আসবে—
নব নব উন্নয়নের এক অনন্য অভিযাত্রা।
— কাজী আব্দুস সালাম